“বঙ্গভঙ্গ কোনো ভাবেই করতে দেব না”, শপথ নিয়ে জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল যুব তৃণমূল

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ নভেম্বর: আকাশে বেলুন উড়িয়ে ও সাদা পায়রা ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল জলপাইগুড়ি যুব তৃণমূল। অভিষেকের জন্মদিনে জলপাইগুড়ির যুব তৃণমূল কর্মীরা শপথ নিলেন বঙ্গভঙ্গ কোনো ভাবেই করতে দেবেন না তাঁরা। পাল্টা বিজেপি দাবি, উত্তরবঙ্গের যদি উন্নয়ন করতে হয় তাহলে উত্তরবঙ্গের মানুষের দাবিকে সম্মান জানিয়ে যা করার দরকার সেটা করতে হবে।

উত্তরবঙ্গ বঞ্চিত ও অবহেলিত তাই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন দল। সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও সরাসরি না বললেও ঘুরিয়ে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করছেন। এই বিষয়ে উত্তরবঙ্গের রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সোমবার জলপাইগুড়ি থানা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করার পাশাপাশি উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্তকারীদের চরম হুঁশিয়ারি দিল জেলা যুব তৃণমূল।

যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির বলেন, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা আকাশে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে শপথ নিয়েছি বাংলাকে ভাগ করতে দেব না।

অন্যদিকে জেলা বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, সিন্ডিকেটের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন না করলে কমিশন পাবেন না এখানকার নেতারা। তাই জন্মদিন পালন করছেন। পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানকার উন্নয়ন করতে যা প্রয়োজন আমরা সেটাই করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *