বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শিলিগুড়ি- জলপাইগুড়ি রোড অবরোধ স্থানীয়দের

আমাদের ভারত, জপাইগুড়ি, ৭ নভেম্বর: দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা বেহাল। তার ওপরে রাস্তার ধুলোর কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে। কিন্তু রাস্তা সংস্কারের দাবি করেও কাজের কাজ কিছু হয়নি। এই পরিস্থিতিতে সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ঝাঁ বাড়ি মোড়ে শিলিগুড়ি- জলপাইগুড়ি রাস্তা অবরোধে সামিল হয় স্থানীয়রা। রাস্তা অবরোধের কারণে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শেষে কোতয়ালি থানার পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় হলদিবাড়ি মোড় থেকে শুরু করে পার্কের মোড় পর্যন্ত বেহাল অবস্থা। এর মধ্যে চৌরঙ্গী মোড় থেকে হলদিবাড়ি মোড় পর্যন্ত পরিস্থিতি খুব খারাপ। বাসিন্দারা জানান, বর্ষার পরে রাস্তা খারাপ হলে সামান্য সংস্কার করা হয়। কিন্তু এবছর সেই সামান্য সংস্কার পর্যন্ত হয়নি। গত ১০ থেকে ১২ দিন ধরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। রাস্তার পাথর উঠে গিয়ে ধুলো উড়ছে। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পাশাপাশি দুর্ঘটনা লেগে আছে বলে অভিযোগ। রাস্তা সংস্কারের দাবিতে এদিন রাস্তায় ব্যারিকেট এবং কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।

গ্রামবাসী সুরোজ দাস বলেন, “সিমেন্ট কারখানা থেকে ৭৩ মোড় পর্যন্ত রাস্তার সবচেয়ে বেশি বেহাল দশা। ধুলোর কারণে খাবারের দোকানের খুবই সমস্যা হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন চলবে।”

বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ৷ জেলা পরিষদের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ বলেন,”ঝাঁ বাড়ি মোড়ে রাস্তা অবরোধের অভিযোগ পেয়েছি। গ্রামবাসীদের সমস্যা শুনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রাম পঞ্চায়েত দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *