কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: করোনা অতিমারির জেরে প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। মাঝে কয়েকদিনের জন্য বিদ্যালয় খুললেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় থেকে আবার বন্ধ হয়ে যায় স্কুলগুলি। দীর্ঘদিন ছাত্র-ছাত্রীরা স্কুল ক্যাম্পাস থেকে বাইরে আছে। ছাত্র জীবন হারিয়ে গেছে বলা যেতে পারে। দীর্ঘদিন বাড়িতে থাকার জন্য ছাত্রছাত্রীরা মনস্তাত্ত্বিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছে।
তাই সব দিক মাথায় রেখে ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে, শিক্ষক দিবসে চালু হল অনলাইন ইউটিউব ক্লাসরুম যার নাম দেওয়া হয়েছে “ঘাটালের পাঠশালা”।
ঘাটালের এসডিও সুমন বিশ্বাসের উদ্যোগে এই অভিনব কর্মসূচি শুরু হল।

মহকুমা শাসক বলেন, স্কুল বন্ধ তাই ইউটিউব ক্লাসরুম চালু করা হল শিক্ষকদের সহযোগিতায়। ঘাটাল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেবেন অনলাইন ইউটিউব ক্লাসরুমের মাধ্যমে। ইতিমধ্যে এগিয়ে এসেছেন অনেক শিক্ষক শিক্ষিকা। সমস্ত স্কুলের ছাত্ররা যাতে এই পাঠশালার মধ্যে দিয়ে উপকৃত হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।

