স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ সেপ্টেম্বর: গতকাল কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগদানের পর আজ রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গলায় শোনা গেল বেসুরো সুর। সরাসরি বিজেপি ছাড়ার কথা না বললেও আপাতত উত্তর দিনাজপুর জেলা বিজেপির সমস্ত কর্মসূচি এবং জেলা বিজেপির সাথে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন। রায়গঞ্জে বিধায়ক তাঁর নিজের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মূলত জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এমন সিদ্ধান্তের কথা জানান। তবে একজন বিধায়ক হিসেবে রায়গঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে সবরকম কাজ তিনি করবেন। তবে তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন, এই প্রশ্নের উত্তরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, সেরকম পরিস্থিতি হলে তিনি নিজেই জানিয়ে দেবেন।
উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারকে নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ চলছিল জেলা বিজেপির কার্যকর্তা ও কর্মীদের মধ্যে। সম্প্রতি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাদুদেব সরকার জানিয়েছিলেন, জেলা বিজেপির বাঁশি তাঁর হাতেই রয়েছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, বাঁশি বাসুদেব বাবুর হাতে রয়েছে এটা বলেছেন ঠিকই কিন্তু বাসুদেব বাবুকে নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ চলছে। এমনকি জেলার বিজেপি বিধায়করাও তাঁর উপর ক্ষুদ্ধ। এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির কাছে
কৃষ্ণবাবু নিজেই দরবার করেছিলেন কিন্তু রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে তেমন কোনও গুরুত্ব না দেওয়ায় তিনিও ক্ষুদ্ধ।

কৃষ্ণবাবু বলেন, জেলা সভাপতি বাসুদেব সরকার মুষ্টিমেয় কয়েকজন কার্যকর্তাকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছেন। দলের বেশিরভাগ কার্যকর্তা সহ বিধায়কদেরও গুরুত্ব দিচ্ছেন না। নতুন যে জেলা কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করার জন্যও দরবার করা হয়েছিল তাও মানা হয়নি। জেলার এই বিষয়গুলো নিয়ে রাজ্য কমিটির দ্বারস্থও হয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু কোনও সাড়া মেলেনি। এই ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের উপরেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফলে উত্তর দিনাজপুর জেলার বিজেপি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
কৃষ্ণ বাবু জানান, আজ থেকে জেলা বিজেপির সাথে তার কোনও সংস্রব বা যোগাযোগ থাকবে না। তিনি একজন বিধায়ক হিসেবেই রায়গঞ্জের মানুষের জন্য কাজ করবেন। বিজেপি দল তিনি ছাড়লেন না ঠিকই কিন্তু উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাথে সম্পর্ক ছাড়লেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। তবে কি তিনি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের পথেই হাঁটতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণবাবু জানিয়েছেন সেটা সময় হলেই জানতে পারবেন।
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, সাংবাদিকদের মুখেই তিনি এ বিষয়ে জানতে পেরেছেন। তিনি বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে কথা বলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন।
অপরদিকে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, বিজেপি দলে কোনও মর্যাদা নেই এবং কাজ করার পরিবেশ নেই। যদি উনি তৃণমূলে আসতে চান তাহলে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি দেখব।

