স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবসের আয়োজনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। রানাঘাটের প্রমোদনগরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া।

সূত্রের খবর, রানাঘাট-১ এর অন্তর্গত হবিবপুর পঞ্চায়েতের বেলতলা এলাকায় আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। বিকাল পাঁচটা নাগাদ ওই অনুষ্ঠানে প্রবীণ শিক্ষকদের শ্রদ্ধা জানাতে হাজির হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের জেলাস্তরের নেতৃত্বদের। তারই আয়োজন চলছিল জোর কদমে। পতাকা এবং অন্যান্য সাজ সজ্জার কাজ করছিলেন দুই একজন তৃণমূল কর্মী। হঠাৎ একটি আর্তনাদের শব্দে সকলে ছুটে এসে দেখেন প্রমোদনগরের অমিত বিশ্বাস নামে এক তৃণমূল কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে। উদ্যোক্তাদের মধ্যে থেকে সমীর চন্দ্র রায় এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বরা ৩৪ বছর বয়সী ওই যুবককে রানাঘাট আনুলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

