আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুলাই: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র হিন্দু দেবী মা কালীকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এর প্রতিবাদে বুধবার বিকেলে জলপাইগুড়ি যুব মোর্চার পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল মহুয়া মৈত্রের গ্রেফতারের দাবিতে। মহুয়া মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ধিক্কার জানানো হয় বিজেপির তরফে।

বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, তৃণমূল সাংসদ অশালীন মন্তব্য করেছেন। যে ধরনের উনি মন্তব্য করেছেন তা আপনাদের সামনে উচ্চারণ করাও সম্ভব নয়। কিছুদিন আগে নূপুর শর্মার করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলায় ঝড় তোলা হয়েছিল। কিন্তু তৃণমূল মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি। রাজ্যের প্রতিটি থানায় মহুয়ার নামে অভিযোগ দায়ের করা হচ্ছে যাতে তাকে দল থেকে বহিষ্কার করে গ্রেফতার করা হয়।

অন্যদিকে অভিযোগপত্র দায়ের করতে আসা বিজেপি কর্মীদের থানার ভেতরে যেতে থানার দায়িত্বপ্রাপ্ত সেন্ট্রি বাধা দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক তর্কাতর্কি হয় জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর সাথে। বাপিবাবু বলেন, আমাদের পাঁচজন কার্যকর্তা ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেন্ট্রি শুধুমাত্র তিনজনকে ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন। অথচ তৃণমূল নেতারা যখন থানায় আসেন তাদের কাউকেই বাধা দেওয়া হয় না।

