নূপুর শর্মাকে খুনের হুমকি দেওয়া আজমের শরিফের খাদেম সহ ৩ কর্মী গ্রেপ্তার

আমাদের ভারত, ৬ জুলাই: একটি ভিডিওতে আজমের শরিফের খাদেম বলেছেন, যে নূপুর শর্মার মাথা যে কেটে তার হাতে এনে দেবেন তিনি তাকে তার বাড়ি উপহার দিয়ে দেবেন। এই ভিডিও ভাইরাল হতেই আজমের শরিফের ওই খাদেমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সলমান চিস্তি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সলমান ছাড়াও আরও দু’জনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

রাজস্থান পুলিশ সূত্রে জানা গেছে, সলমান চিস্তি নামক ওই ব্যক্তি আজমের দরগার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছেন, যদি কেউ নূপুর শর্মার মুন্ডচ্ছেদ করতে পারেন তবে তাকে তিনি নিজের বাড়ি উপহার দেবেন। তিনি নিজেও নূপুর শর্মাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। ভিডিও ভাইরাল হতেই সোমবার ওই ব্যক্তি সহ তিন জনের নামে অভিযোগ দায়ের হয়।

ধৃতদের মধ্যে প্রধান অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে বলেও জানা গেছে। অপর দুই ধৃত হল ফাকার জামান ও তাজিন। দরগার তরফে জানানো হয়েছে ওই ব্যক্তির মন্তব্যের সঙ্গে দরগার কোনো যোগ নেই।

এর আগে নূপুর শর্মাকে সমর্থন করায় রাজস্থানের উদয়পুরের এক দর্জিকে নৃশংসভাবে মুন্ডচ্ছেদ করে হত্যা করার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *