পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: জাতীয় কংগ্রেসের নির্দেশে সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে এক বৃহৎ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। নিট (NEET) সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং দেশভাগের প্রস্তাবক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নায়ক হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে যুব কংগ্রেস।

এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক যুব কংগ্রেস কর্মী ও সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রিং রোড এলাকা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হয় বিদ্যাসাগর হল ময়দানে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়েছে। নিট-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এবং কর্মসংস্থানের অভাবে দেশের যুবসমাজ চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে বলেও তাঁরা দাবি করেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অনিল শিকারিয়া, প্রদেশ কংগ্রেস নেতা শম্ভুনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখার্জি, সঞ্জীব সীটসহ জেলা ও প্রদেশের একাধিক নেতৃত্ব। সভায় বক্তারা গণতন্ত্র, শিক্ষা ও কর্মসংস্থানের প্রশ্নে বৃহত্তর জনমত গড়ে তোলার আহ্বান জানান।

যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের যুবসমাজের স্বার্থ রক্ষা, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে আন্দোলন আগামী দিনেও আরও জোরদার করা হবে। এদিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক কর্মী- সমর্থকের উপস্থিতি কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ করে তোলে।

