BJP, Bangaon, আগুনে ভস্মীভূত পরিবারের পাশে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, আবাস যোজনা- সহ সবরকম সাহায্যের আশ্বাস

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ জুন: উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের খাসপাড়া এলাকায় গত ২০ জুন এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারায় বনগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোবিন্দ মণ্ডলের পরিবার। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লাগার ঘটনায় মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় তাঁদের বসতবাড়ি, ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র ও বহু বছরের সঞ্চিত মূল্যবান সামগ্রী। ঘটনায় পরিবারটি চরম অসহায় অবস্থার মধ্যে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনার দিনই বিজেপি কর্মী দীপ্তেন বিকাশ বৈরাগীর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল, খাদ্য- সামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণ- সামগ্রী, যাতে প্রাথমিকভাবে পরিবারটির দুর্ভোগ কিছুটা লাঘব হয়। এরপর শুক্রবার ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

খাদ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি সরকারি নিয়ম মেনে যে সমস্ত আর্থিক ও প্রশাসনিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে, তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি বলেন, “এই কঠিন সময়ে পরিবারটিকে একা ছেড়ে দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করার চেষ্টা করা হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”

এদিকে স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন এবং দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবি তুলেছেন। পরিবারের সদস্যদের আশা, সরকারি সহযোগিতা ও সমাজের সহমর্মিতায় তারা আবার নতুন করে নিজেদের জীবন গড়ে তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *