যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন ধুবুলিয়ায়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ এপ্রিল:
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংসভাবে খুন করা হল। বৃহস্পতিবার সকালে নদিয়ার ধুবুলিয়ার তাঁতলা এলাকার একটি লিচু বাগানের মধ্যে থেকে ওই যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। তার হাত কাটা ছিল এবং শরীরের একাধিক জায়গায় ছিল ধারালো আঘাতের চিহ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দীপঙ্কর বাড়ুই(২৭)। তার বাড়ি ধুবুলিয়ার ১/৪ নং গ্রুপে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত বাড়ি ফেরেনি দীপঙ্কর। বৃহস্পতিবার সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ ধুবুলিয়া থানায় গিয়ে শনাক্ত করেন দীপঙ্করের বাড়ির লোকজন। যদিও দীপঙ্করকে নিজেদের দলের সক্রিয় কর্মী বলে দাবি করে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মহাদেব সরকারের বক্তব্য,’দীপঙ্কর ছিল আমাদের দলের একজন সক্রিয় কর্মী। বুধবারের মিছিলে সে যোগ দিয়েছিল। কয়েকজন রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। পুলিশকে বলেছি, নিরপেক্ষভাবে তদন্ত করতে।’

যদিও দীপঙ্করের বাড়ির লোকজন স্পষ্টই জানিয়েছেন, ‘দীপঙ্কর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর দু’নম্বর ব্লকের সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায় বলেছেন,’ দীপঙ্করের পরিবারে রয়েছে আর্থিক অনটন। ওর বিয়ে ঠিক হয়েছিল। ওকে যে কেন খুন করা হল, তা আমাদের কারো মাথায় আসছে না। তবে এই খুনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *