আমাদের ভারত, ৮ এপ্রিল: আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দিন প্রতিদিন করোনার গ্রাফ যেভাবে উঠছে তা দেখলে আঁতকে উঠতে হবে। রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট খারাপই বলা যেতে পারে। যদিও ভোট পরিস্থিতিতে এই দিকটাতে নজরই পড়ছেন না মানুষের। কিন্তু এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার।স্বাস্থ্য দফতর সূত্রে খবর গত বছরের মতোই আবার কড়াকড়িও ব্যবস্থাপনা নেওয়ার প্রস্তুতি চলেছে রাজ্যে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের সব হাসপাতাল গুলিকে করোনা মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
গত বছর নভেম্বর মাসে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে যেভাবে কাজ করতে দেখা গিয়েছে আবারও একই কাজ শুরু করার কথা বলেছে নবান্ন। বেড সংখ্যা বাড়ানো, আলাদা বিভাগ, অক্সিজেনের যোগান, টেস্ট ইত্যাদি সবটাই ৪৮ ঘণ্টার মধ্যে করে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েকমাসে সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরার অর্ডারে কিছুটা শিথিলতা এসেছিল। কিন্তু ফের সেটা লাগু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দপ্তরে সেই অর্ডার জারি করা হয়েছে।
সরকারি তরফে কোভিড নিয়ন্ত্রণে দশটা আলাদা সেল তৈরি করা হয়েছে। প্রতিটি সেলে একজন করে সচিব থাকবেন।নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে হাসপাতালের পরিকাঠামো, অ্যাম্বুলেন্স, ভ্যাকসিন, কোভিড টেস্ট, রোজকার বুলেটিন প্রতিটি বিষয় দেখার জন্য আলাদাভাবে দায়িত্ব নিচ্ছে এক একটি সেল।

