ভয়ঙ্কর কুমীর, নাম না করে জিতেন্দ্রকে কটাক্ষ অনুব্রতর, পাল্টা তোপ বিজেপি প্রার্থীর

জয় লাহা, দুর্গাপুর, ৮ এপ্রিল: ‘খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, বার বার খেলা হবে, ১০০ বার খেলা হবে। ভয়ঙ্কর কুমীর। পান্ডবেশ্বরের সব খেয়ে নিয়েছে। কুমীর সেজে আসতে না পারে?” বৃহঃস্পতিবার পান্ডবেশ্বরে দলীয় জনসভা থেকে নাম না করে জিতেন্দ্র তেওয়ারীকে এইভাবে সমালোচনা করলেন বীরভুমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। বীরভুমে নিঃশ্বাস নিতে না পেরে পান্ডবেশ্বরে অক্সিজেনের সন্ধানে চলে এসেছে পাল্টা তোপ দাগলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী।

প্রসঙ্গত, পান্ডবেশ্বরে তৃণমূলের এবারের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিজেপির প্রার্থী হয়েছেন একসময়ের তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। বৃহঃস্পতিবার পান্ডবেশ্বরে দলীয় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারে আসেন বীরভুমের ডাকাবুকো তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এদিন তাঁর বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাড়িওয়ালা জ্যাঠামশাই বলে কটাক্ষ করেন। একই সঙ্গে মমতা ব্যানার্জির কাজের খাতিয়ান তুলে কড়া আক্রমন করে বলেন, “মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। পকেট ভর্তি মিথ্যা কথা নিয়ে আসেন। আর মমতা ব্যানার্জি আঁচল ভর্তি উন্নয়ন নিয়ে আসেন। প্রধানমন্ত্রী, আপনি তো তিন মাস ফ্রি রেশন দেব বলেছিলেন, আর আমাদের মুখ্যমন্ত্রী যতদিন সরকারে থাকবে, ততদিন চাল ফ্রি দেব বলেছেন।” 

জিতেন্দ্র তেওয়ারীকে নাম না করে কটাক্ষ করে তিনি বলেন, “খেলা হবে। এই মাটিতেই খেলা হবে। বার বার খেলা হবে। ১০০ বার খেলা হবে। ভয়ঙ্কর কুমীর। পান্ডবেশ্বরের সব খেয়ে নিয়েছে।” তিনি নাম না করে আরও বলেন, “যে দাঁড়িয়েছে। সে দশ’বার অভিষেকের অফিসে গেছে। যে চলে যায়, তার দিকে আর তাকাতে নাই। আর যেন ফিরে আসতে না পারে। কুমীর সেজে আসতে না পারে।”

পাল্টা তোপ দাগলেন পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী। তিনি বলেন, “বীরভুমে নিঃশ্বাস নিতে না পেরে পান্ডবেশ্বরে অক্সিজেনের সন্ধানে চলে এসেছে।” তিনি আরও বলেন, “রতনে রতন চেনে। তৃণমূল প্রার্থী ও তিনি দুজনেই গুলি বোমার রাজনীতি করেন। তাই তৃণমূল প্রার্থী ওঁকে এখানে এনেছে। তবে দুজনেই বাংলার বাইরে ঘর তৈরী করে রাখুক ২ মে ‘র পর ওই ঘরে যেতে হবে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *