পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ এপ্রিল: পরিবারের সদস্যদের নজর এড়িয়ে খেলার ছলে পুকুরের জলে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের পশ্চিম ভোওর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম মিরান সরকার ও সাহেদ আলী সরকার।
জানাগেছে, পশ্চিম ভোওরের খাসপাড়া এলাকার বাসিন্দা মকসেদুর মিয়াঁ ও নূর মহম্মদ মন্ডলের দুই ছেলে এদিন পুকুরের জলে পড়ে যায়। কাজের সুত্রে তাঁরা দুজনেই ভিনরাজ্যে থাকেন। এদিন ওই দুই শিশুর পরিবারের সদস্যরা যখন কাজে ব্যস্ত ছিল সেই সময় খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। তড়িঘড়ি ওই শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে আনা হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
খবর পেয়ে এলাকায় পৌঁছে ঘটনার তদন্তে নামে কুমারগঞ্জ থানার পুলিশ।

