জয় লাহা, দুর্গাপুর, ৮ এপ্রিল: ‘বিজেপি ঢেউ চলছে। তিনটি পর্যায়ে বিজেপি ৬৫-৭০ আসন পাবে। আর ৮ পর্যায়ের পর বিজেপির ঐতিহাসিক জয় হবে।’ বৃহঃস্পতিবার তারাপীঠ যাওয়ার পথে পানাগড়ে এরকমই দাবি করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য কলকাতা এলাকার বেশ কিছু বিধানসভার পর্যবেক্ষক। বৃহঃস্পতিবার তিনি তারাপীঠে পুজো দিতে যাওয়ার সময় পানাগড়ে দলীয়কর্মীরা তাঁকে সম্বর্ধনা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তকমা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা বহিরাগত নই। অনুপ্রবেশকারীরা বহিরাগত। তারা দিদির ভেতরের লোক। তাদের মাথায় তুলে রেখেছেন। আর বাংলার গরিব মানুষ ও কৃষকদের ভুলে গেছেন তিনি।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কেন্দ্রীয়বাহিনীকে ঘেরাও করার যে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, “এসব মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে না। হেরে যাওয়ার ভয়ে এসব বলছেন। দেশের সুরক্ষাবাহিনীকে একজন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য শোভা পায় না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পশ্চিমবাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে বিজেপি ঢেউ চলছে। তিনটি পর্যায়ে বিজেপি ৬৫-৭০ আসন পাবে। আর ৮ পর্যায়ের পর বিজেপির ঐতিহাসিক জয় হবে। দুর্নীতিমুক্ত সরকার গঠন হবে। গুন্ডারাজ, মাফিয়ারাজ বন্ধ হবে। সোনার বাংলা গড়বে বিজেপি।”

