বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও অ্যান্টি রোমিও স্কোয়াড গড়া হবে, প্রতিশ্রুতি দিলেন যোগী

ভারত, ৮ এপ্রিল: বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে বারবারই রাজ্য সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে পদ্মশিবির। তাই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তৈরি করা হবে অ্যান্টি রোমিও স্কোয়াড। আজ হুগলির চাঁপদানি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এসে জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথ। অ্যান্টি রোমিও স্কোয়াড ছাড়াও বিজেপি ক্ষমতায় এলে কি কি হবে এ রাজ্যে তাও তুলে ধরেছেন যোগী।

পশ্চিমবঙ্গের পদ্ম শিবির যদি ক্ষমতায় আসে, তাহলের মহিলাদের জন্য কোন কোন সুবিধা তথা মেয়েদের পড়াশোনার জন্য বিজেপি সরকার ঠিক কি কি করবে তা বিস্তারে জানিয়েছেন যোগী। তিনি বলেছেন কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা বিনামূল্যে হবে। গণপরিবহনের যাতায়াতে মেয়েদের কোন খরচ লাগবে না। এরপরই তিনি বলেন এ রাজ্যে উত্তরপ্রদেশের মতোই অ্যান্টি রোমিও স্কোয়ার্ড তৈরি হবে। যোগী বলেন, “বাচ্চা মেয়েদের স্কুলের সামনে যে সব গুন্ডা ঘুরে বেড়ায় তাদের জন্য স্কুলের বাইরে ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড।

যদিও তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেছেন, যোগী আদিত্যনাথরা যত বেশি এই ধরনের কথা বলবেন ততই তাদের গ্রহণযোগ্যতা ও ভোট কমবে। যোগী যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে রাজ্যে প্রতি ১৬ মিনিটে একজন নাবালিকা নিগৃহীত হয়। উনি নিজে আগে সেগুলি আটকানোর ব্যবস্থা করুন তারপরে বাংলার কথা ভাববেন।

যোগী এদিনে জনসভা থেকে দেশে বিজেপি সরকারের সাফল্যের কথাও তুলে ধরেছেন। তার কথায় “আমরা যা বলি তা করি”। রাম মন্দির নির্মাণ হোক কিংবা কাশ্মীরে ৩৭০ ধারা রদ, যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তা পূরণ করেছে। যোগী বলেন, তৃণমূল সহ অন্যদল রাম মন্দিরের বিরোধিতা করে এসেছে কিন্তু মোদীজি রাম মন্দির তৈরি করে দেখিয়েছেন, কাশ্মীরের সন্ত্রাসবাদ মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল তা পালন করেছে বলেও দাবি করেন তিনি। তার কথায় কংগ্রেস দেশবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছে বিজেপি সরকার। ফলে এখন চাপদনির মানুষ ইচ্ছে করলে কাশ্মীরে জমি কিনে থাকতে পারবে।