আমাদের ভারত, বাঁকুড়া, ১১ সেপ্টেম্বর: ফেসবুকে প্রধানমন্ত্রীর অশালীন এক ব্যঙ্গচিত্র পোষ্টকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় ওঠতেই ক্ষমা প্রার্থনা করেন পোস্টকারী যুবক। প্রতিবাদের তীব্রতা অনুভব করে ব্যাঙ্গচিত্র শিল্পী বিজেপি কার্যালয়ে গিয়ে হাঁটু গেড়ে ক্ষমা চান। এই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুরে।
উল্লেখ্য, নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অশালীন ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগ ওঠে কোতুলপুরের এক যুবকের বিরুদ্ধে। এতে প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনার কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই লাইভে এসে ওই যুবককে বিজেপির দলীয় কার্যালয়ে হাঁটু গেড়ে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। এই ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, কোতুলপুরের গোপালপুর গ্রামের বাসিন্দা চিরঞ্জিত মল্লিক সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রীর একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেন বলে অভিযোগ। বিষয়টি বিজেপি নেতৃত্বের নজরে আসার পর তাঁকে কোতুলপুরের দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান ওই যুবক। সেই সময় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকেই লাইভ করা হয় বলে দাবি।
বিজেপির কোতুলপুর মণ্ডল সভাপতি কেশবী নাগার দাবি, দেশের প্রধানমন্ত্রীকে অশালীন ব্যঙ্গচিত্রের মাধ্যমে অপমান করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর অভিযোগ, বেকারত্বের হতাশা এবং কমিউনিস্টদের প্ররোচনার কারণেই ওই যুবক এমন পোস্ট করেছিলেন। ভুল বুঝতে পেরে ওই যুবক নিজেই সামাজিক মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

