“রক্ত লেগে আছে আপনাদের হাতে”, মোদী-শাহ’কে বিঁধলেন ডেরেক ও ব্রায়েন

রাজেন রায়, কলকাতা, ১১ এপ্রিল: শীতলকুচির ঘটনায় এবার সরাসরি মোদী এবং শাহকে নিশানা করলেন ডেরেক ও’ব্রায়েন। তাদের নির্দেশে গুলি চলেছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, রক্ত লেগে আছে মোদী-শাহের হাতে৷ আপনারা দুজনেই খুনি৷

চতুর্থদফা ভোট চলাকালে কোচবিহারের মাথাভাঙার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ডেরেক আজ এক ভিডিও ট্যুইট করেন। সেখানে তিনি বলেন, বাংলার বিধানসভা ভোটে স্বচ্ছভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে এবার খুনের রাজনীতিতে নেমেছেন মোদী-শাহ৷ শীতলকুচিতে ৪ জন ভোটদাতার খুনের দায় নিতে হবে এই দুজনকে৷ ১৮ বছরের এক যুবক জীবনে প্রথমবার তার ভোটাধিকার প্রয়োগ করতে গণতন্ত্রের বৃহত্তম উৎসবে শামিল হয়ে বেঘোরে প্রাণ হারালেন৷

উল্লেখ্য, এদিন একইসঙ্গে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারায় ৪ জন ভোটার৷ তৃণমূলের দাবি, নিহতেরা সকলেই তাদের দলের কর্মী ও সমর্থক ছিলেন৷ তৃণমূলের অভিযোগ, বিনা প্ররোচনায় ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে ওদেরকে খুন করা হয়েছে৷ তারপর জওয়ানদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হওয়ার মতো বানোয়াট সব গল্প সাজানো হচ্ছে৷

ডেরেক ও ব্রায়েন ভিডিওতে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি খুনি বলে অভিহিত করে বলেছেন, আপনাদের নির্দেশেই পুলিশের ডিজি, এসপি, ওসি, আইসি সহ প্রশাসনিক শীর্ষকর্তাদেরকে ঢালাওভাবে বদলি অথবা সরানো হয়েছে৷ যাদেরকে আনা হয়েছে, তারা এ রাজ্যের বিন্দুবিসর্গ জানেন না৷ শীতলকুচিতে ৪ জনকে হত্যা করাও যদি যথেষ্ট না হয়, তাহলে আরও কয়েকজনকে গুলি করুক কেন্দ্রীয় বাহিনী৷ সেটাই হবে মোদি-শাহের স্বপ্নের ’সোনার বাংলা’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *