দুয়ারে চিড়ে দই, সঙ্গে পোলাও

আমাদের ভারত, নদীয়া,১৬ জুন: দুয়ারে চিড়ে, দই, আম, কলা, পেয়ারা, খেজুর। এর সঙ্গে পোলাও, পনির, মিষ্টি। করোনা এবং কার্যত লক ডাউনের জেরে চরম আর্থিক অনটনের মধ্যে পড়া পরিবারের যে সব কচিকাচা মামার বাড়ি যেতে পারেনি, তাদের খুঁজে খুঁজে জামাই ষষ্ঠীর খাবার পৌঁছে দিলেন নদিয়ার মাজদিয়ার এক বধূ পাপিয়া কর।

বাচ্চাদের হাতে খাবার দিতে গিয়ে বাড়ির বাবা, মা, দাদু, দিদাদেরও বাদ দেননি তিনি। এমনকি শ্বশুর বাড়িতে যেতে না পারা জামাইদের হাতে তালপাতার পাখাও উপহার দিয়েছেন তিনি। কৃষ্ণনগর রাজবাড়ি লাইনঘর বস্তির কচিকাঁচা সহ সব বাসিন্দাকে এদিন তিনি নিজে হাতে চিরায়ত ষষ্ঠী স্পেশাল খাবার তুলে দেন।

কৃষ্ণনগর লাগোয়া ভূত পাড়া গ্রামের একটি অভাবী পরিবারের হাতেও একই রকম খাবার পৌঁছে দেন তিনি।

আর কৃষ্ণনগর শহরের প্রাচীন আনন্দময়ী কালী মন্দিরের সামনে বসে থাকা ১৫ জন ভিক্ষাজীবীকেও বসিয়ে একই রকম খাবার খাওয়ান।

পাপিয়ার বক্তব্য, বছর ভর এজন্য টাকা জমাই। যদি কিছু মানুষের সামান্য কিছু উপকারে লাগতে পারি এই আশায়। পাপিয়া এদিন তার স্কুল পড়ুয়া ছেলে ঋষিকেশকেও সঙ্গে নিয়েছিলেন। পাপিয়ার কথায়, ওকেও তো শেখাতে হবে মানবিক অনুভূতি দায়িত্ব কর্তব্যগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *