জামাই ষষ্ঠীর দিনেও ব্যাপক ধরপাকড় পুলিশের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুন: জামাই ষষ্ঠীর দিনেও ব্যাপক ধরপাকড় পুলিশের। মেদিনীপুরে পথচলতি মাস্ক বিহীন জামাইদের একপ্রকার জামাই আদর করে ছাড়ল পুলিশ। সেজেগুজে শ্বশুরবাড়ি রওনা দিলেও মাঝপথে মাস্ক বিহীন অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে অনেককেই বাড়ি ফিরে যেতে হয়েছে। এমনিতেই করোনা পরিস্থিতির জন্য যানবাহন চলাচল বন্ধ। তার ওপর সকাল থেকে অনবরত বৃষ্টি। তা সত্ত্বেও বছরের এই একটা দিনের আনন্দ থেকে বঞ্চিত হতে  চাননি জামাইরা। তাই টোটো অটো এমনকি বাইকে করে বউ বাচ্চা মন্ডা মিঠাই নিয়ে বেড়িয়েছিলেন শ্বশুরবাড়ির উদ্দেশে। কিন্তু মাস্ক বিহীন অবস্থায় এই করোনা পরিস্থিতিতে রাস্তায় বেরনোয় পুলিশের বাধায় ঘুরে যেতে হয়েছে বাড়ি।

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুর এলাকায় সকাল থেকে জামাই ষষ্ঠীর বাজার ছিল মোটের ওপর সচল। অন্যান্য স্বাভাবিক দিনের মতো ভিড় দেখা গেছিল সকাল থেকে। তাই শ্বশুরবাড়ি যাওয়া জামাইদের কেনাকাটা, সেইসঙ্গে জামাইকে সাদরে আমন্ত্রিন করে পাত পেড়ে খাওয়ানোর জন্য শ্বশুরবাড়ির লোকেদের কেনাকাটার ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ সকাল কিংবা দুপুরে শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। বৃষ্টির মধ্যেও বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির ধনেশ্বরপুরের কাছে মাস্কবিহীন অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। অবশ্য জামাইষষ্ঠী বলে শুধুমাত্র শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া জামাইদেরই নয়, সেইসঙ্গে পথচলতি টোটো, অটো, ছোট বড় সব ধরনের গাড়ির যাত্রীরা মাস্ক পরেছে কি না তা সবই খতিয়ে দেখেছে পুলিশ। জামাইষষ্ঠীর দিনে পুলিশের এই সক্রিয়তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *