কালিনগরে রাস্তায় ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

আমাদের ভারত, হাওড়া, ১৬ জুন: বুধবার দুপুরে আচমকাই প্রায় ৫০ মিটার রাস্তা কয়েক ফুট নীচে বসে যাওয়ায় আতঙ্ক ছড়াল কালিনগর পশ্চিম বাজারে। অন্যদিকে রাস্তা বসে যাওয়ার পাশাপাশি একাধিক দোকানে ফাটল দেখা দেওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা‌। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান থেকে মালপত্র সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে কালিনগর পশ্চিম বাজারে চাপার খালের পাশের রাস্তার বেশ খানিকটা অংশ জুড়ে ফাটল দেখা দেয়। বষার জল পেয়ে ফাটল আরোও বাড়ে। প্রাথমিকভাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ফাটল মেরামতের কাজ করে। যদিও বুধবার সকালে আচমকা রাস্তা বেশ কয়েক ফুট নীচে নেমে যায়। পাশাপাশি রাস্তার পাশে থাকা একাধিক দোকানে ফাটল লক্ষ্য করা যায়। এদিকে বেলা বাড়তে থাকায় ক্রমশ ফাটল বাড়তে থাকে এবং রাস্তাও ক্রমশঃ নীচে নামতে থাকে।

অন্যদিকে দোকানে ফাটল দেখা দেওয়ায় দোকান থেকে দ্রুত মালপত্র বের করে নিতে শুরু করে ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, যেভাবে রাস্তা নেমে যাচ্ছে তাতে আজকের মধ্যেই সমস্ত দোকান খালের জলে তলিয়ে যাবে। তাদের মতে দীর্ঘদিন এইখানে ব্যবসা করলেও এই রকম বিপদ এই প্রথম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য, লকডাউনের কারণে এমনিতেই ব্যবসা বন্ধ তার ওপর দোকান ভেঙ্গে যাওয়ায় পরিবার নিয়ে পথে বসতে হবে।

অন্যদিকে রাস্তায় ফাটল দেখা দেওয়া সম্পর্কে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় জানান, সেচ দপ্তরের আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার পাশাপাশি ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *