অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুন: মঙ্গলবার রাত থেকে চলা প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চাঁদাবিলা এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ভেঙ্গে পড়েছে। যার ফলে অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ওই পরিবারগুলি। বিষয়টি পৌর প্রশাসনকে জানানো হয়েছে। তা সত্বেও বুধবার সকাল পর্যন্ত পৌর প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় কেউ যায়নি এবং একটা ত্রিপলও দেওয়া হয়নি। যার ফলে বৃষ্টিতে ভিজে দিন কাটাতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাদের একটি করে ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হোক। না হলে ছেলেমেয়েদের নিয়ে কিভাবে তারা থাকবেন।আকাশের মুখ ভার, বুধবার সকাল থেকেই শুরু হয়েছে ফের বৃষ্টি। যার ফলে ওই পরিবারগুলি একেবারেই অসহায় হয়ে পড়েছেন। যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে তারা কোথায় গিয়ে থাকবেন তা নিয়েও তারা চিন্তায় পড়েছেন। পৌরসভার পক্ষ থেকে কোনও ত্রাণ পাওয়া যায়নি বলেও তারা জানান। ওই ওয়ার্ডের পাশাপাশি ঝাড়গ্রাম পৌরসভার আরও কয়েকটি ওয়ার্ডেও বেশকিছু মাটির বাড়ি ভেঙ্গে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

