টেট উত্তীর্ণদের ইন্টারভিউ লিস্ট প্রকাশে ভুল, হাইকোর্টে স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের

রাজেন রায়, কলকাতা, ২২ ডিসেম্বর: ২০ ডিসেম্বরে বোর্ডের লিস্ট প্রকাশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সেই প্রসঙ্গে এবার ভুল স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানানো হল, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ নিয়ে ভুল হয়েছে। ইন্টারভিউ লিস্ট প্রকাশে ত্রুটি ছিল।

২০১৪ সালের প্রাইমারি টেটে সম্প্রতি ৭৩৮ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল বোর্ড। সেই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়, তাতে প্রশ্ন ভুল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন বেশ কয়েকজন অকৃতকার্য পরীক্ষার্থী। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারেই ২০ ডিসেম্বর আরও ৭৩৮ জন চাকরি প্রার্থীর নামের তালিকা পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছিল। কিন্তু এবার তাতেও ভুল। এই ভুলগুলি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান বৃহস্পতিবার জানাতে হবে কলকাতা হাইকোর্টকে এবং তা আপডেট করতে হবে পর্ষদের ওয়েবসাইটেও।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারণে যে সমস্ত চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে তাদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য সময় দেওয়া হয়। যদি অনলাইনে অসুবিধা হয় সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরি প্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন বলেও জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *