রাজেন রায়, কলকাতা, ২২ ডিসেম্বর: কলকাতা পুরনিগমের ভোটে নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং পুলিশি নিষ্ক্রিয়তায় হয়েছে ব্যাপক পরিমাণ সন্ত্রাস। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআইয়ের দুই প্রার্থী।
জানা গেছে, মৌসুমী ঘোষ এবং বিমান গুহ ঠাকুরতা নামে দুই প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন করা হয়নি পুরনো ভোটার তালিকা অনুযায়ী এই পৌর ভোট হয়েছে, ফলে যে সমস্ত ভোটার কলকাতা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন তারা হয়তো এখন সেই জায়গার ভোটার কিন্তু তারপরও তাদের নাম এবারের তালিকায় ছিল। এছাড়াও যারা মারা গিয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি বলে তারা জানিয়েছেন। ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী জানিয়েছেন, ভোটের দিন তার এলাকায় বোমাবাজি হয়েছিল ভোটদাতারা নিরাপত্তা পাননি তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিল বাম, বিজেপি। ভোটের সন্ত্রাসের অভিযোগে আদালতে মামলার অনুমতি চেয়েছিলেন কলকাতা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। আবার অন্যদিকে, আদালতে ভোটের সন্ত্রাস নিয়ে তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের আবেদন করেছিল রাজ্য বিজেপি। দুটি আবেদনই মঞ্জুর করেছিলেন প্রধান বিচারপতি। আগামী ২৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে দুটি মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছিল। এই পরিস্থিতিতে এবার কমিশনের ব্যর্থতার বিরুদ্ধে হাইকোর্টে গেলেন কলকাতার ২ সিপিআইএম প্রার্থী।

