ভাটপাড়ায় চালু হল দুয়ারে স্বাস্থ্য পরিষেবা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ডিসেম্বর:
ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউতের উদ্যোগে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার প্রথম ধাপ দুয়ারে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল ভাটপাড়া পৌর এলাকায়। এই পরিষেবাকে সক্রিয় ও ফলপ্রসূ করতে পুরসভায় কন্ট্রোল রুম খুলে কর্মী নিযুক্ত করে দিনরাত এই পরিষেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। কন্ট্রোল রুমে রাখা হবে একটি রেজিস্টার বুক। কর্মীরা নথিভুক্ত রাখবে অ্যাম্বুলেন্সগুলো কখন কোথায় গেল এবং কে কে অ্যাম্বুলেন্সের জন্য নাম লেখাচ্ছেন।

এদিন ভাটপাড়া পৌর সভার প্রশাসক গোপাল রাউত ফিতে কেটে এই পরিষেবার উদ্বোধন করেন। ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে প্রাথমিক পর্যায়ে এই পরিষেবা চালু করা হল। এদিন জনসাধারণের জন্য দুটি নম্বর চালু করা হয়। যেই নম্বর গুলি ২৪ ঘণ্টা খুলে রাখা হবে এই পরিসেবা স্বাভাবিক রাখার জন্য।

এদিন পুর প্রশাসক গোপাল রাউত বলেন, “আপাতত দশটি অ্যাম্বুলেন্স নিয়ে এই পরিষেবা চালু হল। প্রয়োজনে নতুন অ্যাম্বুলেন্স কেনা হবে। গত ১০ বছরে যে ভাড়া নেওয়া হতো সেই ভাড়াই এখনো চালু থাকবে, কোনও অতিরিক্ত অর্থ নেওয়া হবে না। সেই সঙ্গে আমরা ২৪ ঘণ্টার জন্য ফোনের পরিষেবা চালু রাখছি যাতে কেউ অ্যাম্বুলেন্সের প্রয়োজনে ফোন করলে আমাদের কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে তার কাছে পৌঁছে যেতে পারে।” এদিন তিনি আরো বলেন যে, যে দুটো নম্বর দেওয়া হয়েছে সেগুলো কেউ না ধরলেও পৌর প্রশাসকের নম্বরে ফোন করে বিষয়টি জানালে অবশ্যই তিনি নিজে সব ব্যবস্থা করে দেবেন।

পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি বলেন,
“অ্যাম্বুলেন্সে পুরসভার কর্মী থাকবে, তারা রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে তবেই ফিরবে। আগামীদিনে অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও বাড়েনো হবে।”

এই পরিষেবা উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *