আমাদের ভারত, ২২ ডিসেম্বর:বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষিত হলো। একাধিক বড় বদল নজরে এসেছে এই নয়া কমিটিতে। কমিটি থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা। কমিটি থেকে বাদ না পড়লেও দায়িত্ব বদল হয়েছে সৌমিত্র খাঁয়ের। একঝাঁক নতুন মুখও আছে নতুন কমিটিতে। এক্ষেত্রে জনভিত্তি বিচার্য হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
নিয়মমাফিক বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন হলো। নতুন সভাপতি দায়িত্বে এলে কমিটি বদল করা হয়। দিলীপ ঘোষের পরে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাস পর নতুন কমিটি গঠিত হল। সেখানে যেমন বাদ পড়লেন একাধিক হেভিওয়েট তেমনি এলেন একাধিক নতুন মুখ। অনেকেই থেকে গেছেন পুরোনো পদেই। আবার অনেকের দায়িত্ব বদল হয়েছে।
নয়া কমিটিতে যুব মোর্চা সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে সৌমিত্র খাঁকে। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু সঞ্জয় সিং। সহ সভাপতির পদ থেকে বাদ পড়েছেন বিশ্বপ্রিয় রায়চৌধুরীর। দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক থাকছেন লকেট চট্টোপাধ্যায়। নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি থাকছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদে। এতদিন অগ্নিমিত্রা পাল মহিলা মোর্চার সভাপতি ছিলেন। তাঁর জায়গায় এবার মহিলা মোর্চার নতুন সভাপতি হচ্ছেন তনুজা চক্রবর্তী। জ্যোতির্ময় মাহাতোকেও রেখে দেওয়া হয়েছে নতুন কমিটিতে। যারা নতুন তালিকা থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে রয়েছেন সায়ন্তন বসু, সঞ্জয় সিং এবং রথীন বসু। তিনজনকেই নতুন কমিটিতে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের পদ ছাড়তে হয়েছে। সহ সভাপতি পদ থেকে বাদ পড়েছেন রাজকমল পাঠক, ভারতী ঘোষ। তবে সহ সভাপতি পদে থেকে গেছেন অর্জুন সিং।
বিজেপির নতুন রাজ্য কমিটিতে সহ-সভাপতি থাকছেন ১১জন। সাধারণ সম্পাদকের পদে রয়েছেন পাঁচজনের নাম। নতুন রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়।
জগন্নাথ চট্টোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। তিনি ভোটে পরাজিত হলেও সাংগঠনিক দক্ষতার ক্ষেত্রে তার উপর ভরসা রাখছে পদ্মশিবির। এছাড়াও নতুন কমিটিতে জায়গা পেয়েছেন একগুচ্ছ বিধায়ক।
যুব মোর্চার নয়া রাজ্য সভাপতি হয়েছেন ইন্দ্রনীল খাঁ। দলে রাজ্য কমিটির মুখপাত্র থাকছেন শমীক ভট্টাচার্য। জয়প্রকাশ মজুমদারকেও রাজ্য কমিটির মুখপাত্র করা হয়েছে।
তবে তপন সিকদারের সময়কার বিজেপির বর্ষীয়ান নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে নতুন তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মিডিয়া ইনচার্জ করা হয়েছে প্রাক্তন যুব সভাপতি তুষার কান্তি ঘোষকে। এতদিন এই দায়িত্বে ছিলেন সপ্তর্ষি চৌধুরী। তাকে কো ইনচার্জ করা হয়েছে।
পাশাপাশি প্যানেলে এবং দলীয় মুখপাত্র হিসেবে অনেক নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে মাঠে নেমে দলের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন ও যাদের এলাকায় ভালো জনভিত্তি রয়েছে সেদিকগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটির তালিকা। pic.twitter.com/aIgDgc3X8k
— BJP West Bengal (@BJP4Bengal) December 22, 2021

