জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর,
২২ ডিসেম্বর: মঙ্গলবার হলদিয়ার আইওসি কারখানায় মৃত এবং আহতদের ক্ষতিপূরণ চেয়ে বুধবার কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। গতকাল হলদিয়া তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ৪৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন তাদের মধ্যে ১৭ জন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের ৪০-৮০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকেই অক্সিজেন দেওয়া হলেও তা নিতে তাদের সমস্যা হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। আহতদের শরীরে রাসায়নিক ঢুকে যাওয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা মনে করছেন। আহতদের ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

অন্যদিকে, হলদিয়া মহাকুমা হাসপাতালে ৭ জন এবং তমলুক জেলা হাসপাতালে ৩ জনকে ভর্তি করা হয়েছে।
কি কারণে এবং কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বুধবার সকালে তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায়।
হলদিয়ার আইএনটিটিইউসি নেতা মিন্টু সামন্তের দাবি, হলদিয়া রিফাইনারিকে মৃত এবং আহত শ্রমিকদের পরিবারের সমস্ত দায়িত্ব নিতে হবে। মৃত শ্রমিকদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও তাঁদের পরিবারের এক জনকে স্থায়ী চাকরির পাশাপাশি, আহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে।

