জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: বামপন্থী শ্রমিক সংগঠন এআইটিইউসি’র খুলে নেওয়া পতাকা লাগিয়ে দিল তৃণমূল। কয়েকদিন আগে গত তিন দশক ধরে খড়্গপুরের ভারতী বিস্কুট কারখানায় লাগিয়ে রাখা সিপিআই’য়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি সহ অন্যান্য বিরোধী দলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ ওঠে খড়্গপুর শহরের তৃণমূল যুব নেতা শৈলেন্দ্র সিং ও তার দলবলের বিরুদ্ধে। তৃণমূল ক্ষমতায় আসার পরেও ওই কারখানায় সিপিআই’য়ের শ্রমিক সংগঠনের ক্ষমতা অব্যাহত ছিল। বিরোধীদের পতাকা খুলে ফেলে দেওয়ায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। এর পরেই তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরা নড়ে বসেন। তৎপর হন আইএনটিটিইউসি’র পতাকা নামিয়ে সেখানে
এআইটিইউসি’র পতাকা লাগাতে।

খড়্গপুরের পৌর প্রশাসক প্রদীপ সরকার বলেন, তৃণমূল সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে। সব দল তাদের পতাকা লাগাতে পারে এবং রাজনীতি আন্দোলন ও সংগঠন করার অধিকার সকলের আছে। এভাবে পতাকা খুলে নেওয়া অন্যায়। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, বিষয়টি জানার পরই প্রদীপ সরকার ও অন্যান্য নেতৃত্বকে বামেদের পতাকা লাগিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। সিপিআই’য়ের জেলা কনভেনার বিপ্লব ভট্ট বলেন, কদিন আগে এক টিএমসি নেতা আমাদের ঝান্ডা নামিয়ে দিয়েছিলেন। বুধবার তৃণমূলের জেলা নেতৃত্ব সেই পতাকা ফের তুলে দেওয়ার নির্দেশ দেওয়ায় আমরা খুশি।

