স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ডিসেম্বর: যে ভোটে ইভিএম মেশিনে ভিভি প্যাড থাকে না, যে ভোটে সিসি ক্যামেরার তার কেটে দেওয়া হয় সেটাকে আমি ভোট বলে মানি না। এই ভোট কিভাবে হবে তা দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন। এদিন নদিয়ার হাঁসখালিতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। হাঁসখালির বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেবো না। তার কারণ এটাকে ভোট বলে না। ভোটে কি হবে কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আর ভাইপো। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দু’জনকেই জিজ্ঞাসা করুন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যে দিন দিন ঋণের বোঝা বেড়ে চলেছে। আগে ৫ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকত এখন সেটা বেড়ে ৪০ লক্ষ’তে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর কোন সরকারি চাকরি হয়নি।

