অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ ডিসেম্বর: সাঁওতালি ভাষা দিবসের দিনে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে উদ্বোধন হল অলচিকি হরফের স্রষ্টা তথা বিশিষ্ট আদিবাসী ভাষাতত্ত্ববিদ পন্ডিত রঘুনাথ মুর্মুর পূর্ণাবয়ব মূর্তি। এদিন গোপীবল্লভপুর ব্লকের ছাতিনাশোল বাস স্ট্যান্ডের কেন্দুগাড়ি মোড়ে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তির আবরণ উন্মোচন করেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও দিলীপ কুমার দাস, পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত ঘোষ, সমাজসেবী শঙ্কর প্রসাদ হাঁসদা, লোকেশ কর সহ আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষজন।

পন্ডিত রঘুনাথ মুর্মুর আবরণ উন্মোচনের পর বিধায়ক দুলাল মুর্মু জানান, এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই মূর্তি স্থাপিত হল। পাশাপাশি বলেন, পন্ডিত রঘুনাথ মুর্মুর চিন্তা চেতনা সম্প্রদায়ের মধ্যে সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য সরকার প্রথম থেকেই সর্বোতভাবে চেষ্টা করে চলেছে।


