দুর্যোগের রাতেই নৃশংস ভাবে খুন বালুরঘাটে, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধানের জমি থেকে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: দুর্যোগের রাতে নৃশংসভাবে খুন করা হল এক ব্যক্তিকে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধানের জমিতে উদ্ধার হল ওই ব্যক্তির রক্তমাখা দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর বটতলা এলাকায়। শুক্রবার বিকেলে এলাকা থেকে ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম তরিৎ বর্মন (‌৬৮)‌। বাড়ি ওই গ্রাম পঞ্চায়েতেরই গাজিপুর এলাকায়। পেশায় পরিযায়ী শ্রমিক তরিৎ প্রায় দেড় বছর আগে বাড়িতে ফেরেন। এরপর আর বাইরে কাজের জন্য যাননি। এদিন ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহটি দেখে আতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, গাজিপুরের বাসিন্দা তরিৎ বর্মন বৃহস্পতিবার স্থানীয় এক বাসিন্দার মৃতদেহ সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন। সেখানেই মদ খাওয়ার সময় ঝামেলা বাধে বেশ কিছু লোকজনের সঙ্গে। তারপর সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে বাড়ি খানিকটা দূরে আড্ডাস্থলে যান তিনি। এরপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি ওই ব্যক্তির। বৃহস্পতিবার রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেভাবে খোঁজখবর করতে পারেননি পরিবারের লোকেরা। বেলা গড়াতেই বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় তার রক্তমাখা দেহ। গোটা মুখ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় দুষ্কৃতীরা। যা দেখে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। তবে কি কারণে এই খুন তা নিয়ে ধন্দে পরিবারের পাশাপাশি পুলিশও। অন্য কোথাও খুন করে দেহটি সেখানে ফেলা হয়েছে কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ওই ব্যক্তির ছেলে কল্যাণ বর্মন বলেন, সন্ধ্যে বেলা বাড়ি থেকে আড্ডাস্থলে যাবার কথা বলে বেরিয়েছিল বাবা। এরপর আর বাড়ি ফেরেনি। এদিন বিকালে ওই ক্ষতবিক্ষত বাবার দেহ দেখে সকলেই আঁতকে উঠেছেন। তবে তিনি কি কারণে খুন হলেন তানিয়ে তারাও দুশ্চিন্তায় রয়েছে। স্থানীয় বাসিন্দা সীতেন বর্মন জানান, জমিতে যাবার সময় ওই ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পান তারা। তারপরেই তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *