আমাদের ভারত, মালদা, ৪ ফেব্রুয়ারি: মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় দিন দিন বেড়ে চলেছে চোরের উৎপাত। কখনো মোবাইল চুরি তো কখনো বাইক চুরি। এবার চুরি হল মাঠের চাষের জমি থেকে ৫ টি ডিজেল চালিত পাম্প মেশিন। পাম্প মেশিন চুরি হওয়ার ঘটনার জেরে কৃষকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কি ভাবে তারা বহু ফসলি জমিতে সেচ করবেন তা নিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাংনদিয়া মৌজার ৮১ নম্বর জাতীয় সড়কের দুই ধারে।

গাংনদীয়া মৌজার বিস্তীর্ণ এলাকাজুড়ে মেঠো জমি। সেই জমিতে বাংরুয়া গ্রামবাসীদের চাষের জমি রয়েছে। জমিতে ডিজেল চালিত পাম্প মেশিনগুলো দিয়ে জল সেচ করা হতো। এক সঙ্গে পাঁচটি মেশিন একই দিনে চুরি হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকার কৃষকদের মধ্যে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তার মধ্যে একটি মেশিন ছিল হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলমের। মুস্তাক আলম চুরির বিষয়টি থানায় মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু চুরির বিষয়টি নিয়ে এদিন বাংরুয়া গ্রামের হায়দার আলী, কালাম, আলহাজ্ব ও শাহজাহান আলি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

