জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: প্রতি বছরের মতো ঐতিহ্য বজায় রেখে এবারও মেদিনীপুর শহরের কলেজ রোডের সরস্বতী পূজার মণ্ডপগুলি ভরে উঠেছে নানান রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। ব্যঙ্গচিত্র গুলিতে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে মদ, মেদিনীপুর চৌরসভা, দাদার হনুগামী, গোষ্ঠী রাজনীতি ও কাটমানি শিল্প ইত্যাদি।

তৃণমূল ঘনিষ্ঠ ক্লাবগুলির মণ্ডপে জ্বলজ্বল করছে কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতি ও ব্যর্থতা এবং দাদার অনুগামীদের হতাশা। অন্যদিকে, বিজেপি ও বাম ঘনিষ্ঠ ক্লাবগুলি তুলে ধরেছে রাজ্য সরকারের পাঠশালা নয় পানশালা, দুয়ারে মদ, কাটমানি শিল্প, তৃণমূলের গোষ্ঠী রাজনীতি ইত্যাদি। শহরের গরিমা নামে একটি ক্লাব রাজ্যের কালারফুল মন্ত্রীর ছবি দিয়ে দুয়ারে মদ প্রকল্পকে তুলোধুনো করেছে। জেলা শহরের রাজনৈতিক উদ্যোক্তারা মন্ডপ গুলিতে তাদের রাজনৈতিক ভাবধারা এভাবেই ব্যঙ্গ চিত্রের মাধ্যমে প্রকাশ করে থাকেন। মেদিনীপুর শহরবাসী প্রতি বছর এই ব্যঙ্গচিত্রের অপেক্ষায় থাকেন। সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বও এই ব্যঙ্গচিত্র দেখে কিছু মনে করেন না। বিষয়টিকে সকলেই স্বাভাবিকভাবে মেনে নেন।
শুক্রবার খেলা হবে এবং অবসর নামে দুটি ক্লাবের পুজোর উদ্বোধন করেন বিধায়ক জুন মালিয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ও পৌর প্রশাসক সৌমেন খান।

