চন্দ্রকোনার ঐতিহাসিক মল্লেশ্বর মন্দিরে দুর্গা প্রতিমা ছাড়াই হয় পুজো 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার প্রায় পনেরোশ বছর আগের ঐতিহাসিক মল্লেশ্বর মন্দিরে আজও প্রাচীন রীতি নীতি মেনে দুর্গাপুজোর আয়োজন হয়। মন্দিরের বর্তমান পুরোহিত জানান, মন্দিরের বহু মূল্যবান রত্ন খচিত দুর্গা প্রতিমাটি সেই সময় চোর ডাকাতের উপদ্রবের কারণে মল্ল রাজা মাটির তলায় পুঁতে রেখে দেন। তাই পুরানো প্রথা অনুযায়ী দুর্গা প্রতিমা ছাড়াই এখানে পুজো হয়ে আসছে। কথিত আছে বর্তমান চন্দ্রকোনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৎকালীন সময়ের খয়ের মল্লরাজা এই মল্লেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকেই পুরোনো রীতি নীতি মেনেই আজও পুজো হয়ে আসছে।

তৎকালীন মল্ল রাজাদের আমলে খুব জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করা হতো। নবমীর দিন পুজো মণ্ডপের সামনে কামান দাগা হতো। সেই সময়ের প্রাচীন কামান আজও রয়েছে বটে কিন্তু এখন আর তা দাগা হয়না। মল্লরাজা এই মন্দির ছেড়ে দেওয়ার পর চন্দ্রকেতু রাজা ১২৩৮ বঙ্গাব্দে এই মন্দিরের পুনঃ সংস্কার করেছিলেন বলে জানা যায়। চন্দ্রকেতু রাজার পরবর্তীকালে এই মল্লেশ্বর মন্দিরের দায়িত্ব পায় চক্রবর্তী পরিবার। দুর্গাপুজোর সময় নবমীর দিনে মন্দিরে ছাগ বলির পাশাপাশি একটি মহিষ বলি দেওয়া হয়। মহিষবলির আগে আকাশে একটি শঙ্খচিল ওড়ে। সেই শঙ্খ চিল উড়তে দেখার পর মহিষবলি দেওয়া হয়। এখানে মহালয়া আমবস্যার পর প্রতিপদ থেকে পুজো শুরু হয়। পুজো চলে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *