ভোজ্য তেলের দাম আম জনতার নাগালে আনতে বড় পদক্ষেপ মোদী সরকারের

আমাদের ভারত, ১০ অক্টোবর: দেশের খোলা বাজারে লাগামছাড়া ভোজ্যতেলের দাম। আম জনতার নাগালে দাম আনতে কড়া পদক্ষেপ করল মোদী সরকার। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হল ভোজ্যতেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা।

রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে বিশেষ কিছু খাদ্য সামগ্রীর ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত নিয়ম বিধি এবং পণ্য গুদামজাত করার ঊর্ধ্বসীমা বদলানো হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে যা জরুরি ভিত্তিতে ৮ সেপ্টেম্বর ২০২১ থেকে কার্যকর হয়ে গিয়েছে। কেন্দ্রের দাবি, এর ফলে দেশের খোলা বাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কমবে। আর লাগামহীন মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাবে আমজনতা।

সরকারের মতে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে বলেই ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে। তবে মোদী সরকার চেষ্টা চালাচ্ছে যাতে আবার দাম নাগালের মধ্যে চলে আসে। ইতিমধ্যে এ বিষয়ে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। আমদানি কর কাঠামোকে যতটা সম্ভব সংস্কার করা হচ্ছে। চালু করা হয়েছে একটি ওয়েব পোর্টাল। যেখানে গুদামের মালিক নিজেই তার গুদামে থাকা পণ্যের পরিমাণ ঘোষণা করতে পারবেন। তবে এবার গোটা দেশেই ভোজ্য তেল ও তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হলো।

কেন্দ্র সরকারের নির্দেশিকা ইতিমধ্যেই সব রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, এবার থেকে কোন গুদামে কত পরিমাণ ভোজ্য তেল এবং তৈলবীজ মজুদ করা হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রতিনিধি। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বা আধিকারিককে। বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যদি কোনো মজুতদারের কাছে সরকারি নির্দেশিকার তুলনায় বেশি পরিমাণে ভোজ্য তৈলবীজ মজুত থাকে, তাহলে তাকে নির্দিষ্ট দিনের মধ্যে গুদামে থাকা পরিমাণ সংশ্লিষ্ট পোর্টালে জানাতে হবে। সরকারের এই পদক্ষেপের ফলে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *