আমাদের ভারত, ৭ নভেম্বর: বাইডেন, মর্কেলদের পেছনে ফেলে আবারও বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব জয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭০% জনসমর্থন নিয়ে বর্তমানে মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা। সমীক্ষাটি চালিয়েছে মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট।
জো বাইডেন অ্যাঞ্জেলা মার্কেল, বরিস জনসন, জাইস বলসোনারো, ইমানুয়েল ম্যাক্রোর মতো তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের অনেক পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। কয়েকশো কোটি ডলারের মার্কিন সংস্থা মর্নিং কনসাল্ট মূলত তথ্য বিশ্লেষণের কাজ করে। প্রতি সপ্তাহে বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের জনপ্রিয়তা পরিমাপ করেন তারা। শনিবার তাদের সমীক্ষার যে ফল প্রকাশ হয়েছে তাতে দেখা গেছে চলতি সপ্তাহেই জনপ্রিয়তার নিরিখে বিশ্বের এক নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ৭০%। ২০১৯ সালে মর্নিং কনসাল্ট যখন থেকে সমীক্ষা শুরু করে তখন থেকেই প্রধানমন্ত্রী মোদীর অ্যাপ্রুভাল রেটিং ৬০ শতাংশের ওপরে রয়েছে।
জনপ্রিয়তার নিরিখে মোদীর পরেই রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি লোপেজ ওব্র্যাডের। তাকে ৬৬% মানুষ সমর্থন করেন। তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘা। চতুর্থ স্থানে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তার প্রতি ৫৪ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। ৪৭ শতাংশ মানুষের সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রয়েছেন পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ৪৪ শতাংশ মানুষের সমর্থন নিয়ে নেমে গেছেন সপ্তম স্থানে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের জন্য জো বাইডেনের জনসমর্থন কমেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সমীক্ষায় ৭০% সমর্থন পাওয়ার অর্থ, বিশ্বব্যাপী ৭০% মানুষ মোদী সরকারের নীতিগুলিকে সমর্থন করছে। সাম্প্রতিক জি-২০ সম্মেলন এবং গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে মোদীকে একাত্ম হতে দেখা গিয়েছে ও সেখানে বিশ্বের সামনে ভারতের ভবিষ্যত পরিকল্পনাকে তিনি যেভাবে তুলে ধরেছেন তাতে তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।

