বেলদায় ভাইয়ের পরিবারকে খুনের হুমকির অভিযোগ দাদার বিরুদ্ধে 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর: বেলদা থানার নহপাড় এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজের ভাইয়ের পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। জানা যায়, দুই ভাই অনুকুল গিরি ও গোরাচাঁদ গিরি একই বাড়িতে থাকে। সম্প্রতি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। নানা সমস্যা লেগে থাকে দুই ভাইয়ের মধ্যে। বিবাদের জেরে জায়গার উপর জারি হয় ইনজাংশন। অনুকূল গিরি তার বাড়ির বেড়া মেরামত করতে গেলে তার ভাই গোরাচাঁদ গিরি বাধা দেয়।

অভিযোগ, পুরনো বেড়া ভেঙ্গে দিয়ে গোরাচাঁদ গিরি প্রাণনাশের হুমকি দেয় অনুকূল গিরির পরিবারকে। শনিবার সন্ধেয় বেলদা থানায় অনুকূল গিরি লিখিত অভিযোগ দায়ের করে। যথেষ্ট উৎকণ্ঠায় থাকা অনুকূল গিরির পরিবার এখন প্রশাসনের সহযোগিতার আশায় রয়েছে। অভিযুক্ত গোরাচাঁদ গিরি ও তার পরিবার এই প্রসঙ্গে মুখ খুলতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *