প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১ জুলাই: প্রাপ্য বেতন এবং জুটমিল খোলার দাবিতে বৃহস্পতিবার মিলের গেটে শান্তিপূর্ণ আন্দোলন করলেন চাঁপদানি জুট মিলের শ্রমিকরা।
জগদ্দলের চাঁপদানি জুটমিলের সুতাকল বিভাগটির উৎপাদন হ্রাসের কারণ দেখিয়ে দীর্ঘ নয়মাস বন্ধ করে রেখেছে মিল কর্তৃপক্ষ। ফলে ৯ মাস যাবদ কর্মহীন ওই বিভাগের আড়াইশো শ্রমিক কর্মচারী। এছাড়াও দীর্ঘদিনের বেতন এবং পিএফ ও গ্র্যাচুইটি পাচ্ছেন না শ্রমিকরা। করোনা পরিস্থিতিতে লক ডাউন হওয়ার ফলে অন্য কোনো কাজ ও করতে পারছেন না, যার ফলে শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মিল কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো সদুত্তর না মেলায় অবশেষে আজকে মিলের গেটে জড়ো হয় শ্রমিকরা। কালো ব্যাচ পরে তারা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে থাকেন।
তাঁদের দাবি, মিল কর্তৃপক্ষকে অবিলম্বে মিল খুলতে হবে এবং তাঁদের বকেয়া পাওনাগন্ডা মিটিয়ে দিতে হবে, নইলে তারা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে হাটবে। এদিন শ্রমিকরা বলেন, “আমরা ৯ মাস ধরে কর্মহীন। এই লক ডাউনে আর কোনও কাজ নেই তাই না খেতে পেয়ে মরতে বসেছি। আমরা অনেক বার ম্যানেজমেন্টকে বলেছি কিন্তু তারা কোনও ব্যবস্থা করছেন না, তাই আমরা আজ বাধ্য হয়েছি সকলকে বিষয়টি জানাতে। আমাদের বাকেয়া টাকা মিটিয়ে দিন কর্তৃপক্ষ।”

