কুমারেশ রায়, মেদিনীপুর, ১ জুলাই: প্রায় দেড়মাস রাজ্যে লকডাউন চলার পর ১ জুলাই থেকে বেশ কিছু ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল করেছে নবান্ন। আজ থেকে বেসরকারি বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
এদিন ঘাটাল থেকে বিভিন্ন রুটে হাতেগোনা কয়েকটি বাস চলাচল করছে। এদিন ঘাটাল হাওড়া রুটে ছটি বাস চলেছে এবং অন্যান্য রুটে বেশ কয়েকটি বাস যাতায়াত করছে। রাজ্য সরকার বাস চালানোর কথা বললেও বাস চলাচল নিয়ে দেখা দিয়েছে সংশয়। তার প্রধান কারণ হল পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর করোনা অতিমারি থেকে পরিবহন শিল্প লাভের মুখ দেখেনি। ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে, বেশকিছু বাসের ইনসিওরেন্স শেষ হয়ে গেছে এবং দীর্ঘ দুই মাসের কাছাকাছি বাস না চলার জন্য, বাসগুলির যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় তা বদল করতে প্রয়োজন দেখা দিয়েছে।

বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা প্রভাত পান নির্দিষ্ট তথ্য দিয়ে বলেন, প্রতিদিন গাড়ি পিছু ৩০০০ টাকা বেশি খরচ হবে। এই কারণে বাসের ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন বাস মালিকরা এবং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
তিনি মুখ্যমন্ত্রীর কাছে পরিবহন ক্ষেত্রে আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানান। ১ জুলাই বাস চলাচল কম থাকলেও সোমবার থেকে বিভিন্ন রুটে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

