আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ ফেব্রুয়ারি: ভোটের মুখে শ্রমিক বিক্ষোভ শ্যামনগরে। যার জেরে কর্ম বিরতি শুরু হয় শ্যামনগরের অন্নপূর্ণা জুটমিলে। বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো শ্যামনগর অন্নপূর্ণা জুটমিলের শ্রমিকরা। বিক্ষোভে মহিলা শ্রমিকরাও সামিল হয়েছিলেন।
শ্রমিকদের অভিযোগ, প্রতি তিন বছর অন্তর চুক্তি বদলায়। ২০১৭ সালের চুক্তি হয়েছিল শেষবার। তারপর নতুন করে চুক্তি হয়নি। ফলে মিল শ্রমিকদের বেতন বাড়েনি। মিল কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়নগুলোর একাধিকবার বৈঠকেও সুরাহা মেলেনি বলে অভিযোগ এই জুটমিল শ্রমিকদের। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলেই জানালেন মিল শ্রমিকরা।
তবে এই গোটা বিষয়টি সম্পর্কে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “আমরা এর আগেও বহুবার মিল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি। বৈঠকও হয়েছে, কিন্তু তাদের ফান্ড নেই বলে বেতন বৃদ্ধির কথা এড়িয়ে যাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যার সমাধান করতে।”

