৫ দিন ধরে নিখোঁজ যুবকের খোঁজ না পাওয়ায় শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: পাঁচ দিন ধরে নিখোঁজ যুবকের খোঁজ না পাওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের তালদিঘি পাড়া লেনের বাসিন্দা বিপ্লব ঘোষ (সিধু) বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়িতে ফেরেনি। এর পরেই শনিবার সকালে শান্তিপুরের গয়েশপুর অঞ্চলের গঙ্গার ঘাটে রক্ত ও চুল পড়ে থাকতে দেখা যায়, একটু এগোতেই গঙ্গার ধারে একটি মোটর বাইক পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেয় শান্তিপুর থানায়, পুলিশ গিয়ে পড়ে থাকা বাইকটি উদ্ধার করে। কিন্তু রক্ত চুলের চিহ্ন বাইক পড়ে থাকলেও বিপ্লব ঘোষের খোঁজ পাওয়া যায়নি, এর পরেই নিখোঁজ বিপ্লব ঘোষের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় শান্তিপুর থানার পুলিশ। কিন্তু পাঁচদিন কেটে গেলেও এখনো বিপ্লব ঘোষের সন্ধান না পাওয়ার কারণে আত্মীয়-স্বজন ওই এলাকার কয়েকশো সাধারণ মানুষ শান্তিপুর থানা ঘেরাও করে। এছাড়াও থানার ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে।

নিখোঁজ বিপ্লব ঘোষের পরিবারের দাবি, পাঁচদিন কেটে গেলেও এখনও বিপ্লব ঘোষের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ যদি সঠিক তদন্ত করতো তাহলে খোঁজ পাওয়া যেত, পুলিশ সঠিক তদন্ত করছে না।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ যতক্ষণ না পর্যন্ত বিপ্লব ঘোষকে খুঁজে বার করে দিচ্ছে ততক্ষণ পর্যন্তই বিক্ষোভ চলবে। যদিও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলেন, পুলিশের প্রতি তারা ভরসা রাখতে পারছেন না। তারা সিআইডি তদন্ত চাইছেন কারণ বিপ্লব ঘোষকে মার্ডার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *