ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি: আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে জেলায় এসে সঠিক তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ঘটনা আইওয়াশ করা হচ্ছে। ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত। আর ৩ জন পুলিশ কর্মীকে বরখাস্ত করে কোনো লাভ হবে না।” মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুর ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আনিসের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। যারা দোষী তাদের শাস্তি হওয়া দরকার। যদিও আনিসের নামে নাকি মামলা রয়েছে। কেউ যদি অপরাধী হয় তাহলে পুলিশ তাকে খুন করবে এটা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভাইদের দুধেল গরু বলেছেন। মানুষ যখন গরু পোষে আর যখন গরুর দুধ থাকে না তখন সেই গরুকে বিক্রি করে দেয় বেশিরভাগ মানুষ। সেরকমই দুধেল গরুদের দুধ বের করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কাজ ফুরিয়ে গেছে৷” এদিন তিনি আরো বলেন, কালিয়াগঞ্জ বিজেপির শক্তঘাঁটি। তৃণমূল ছাপ্পা দিতে এলে আমরা ধাপ্পা দিয়ে দেব।

মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কালিয়াগঞ্জের ১৭জন বিজেপি প্রার্থীর সমর্থনে শতাধিকের বেশি ঢাক বাজিয়ে মহামিছিল করে বিজেপি। এদিনের মহামিছিলে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার সহ ১৭ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা। এদিন মহামিছিল হাসপাতাল পাড়ায় রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে শুরু করে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *