স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ ফেব্রুয়ারি: দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে অত্যাচার করছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অত্যাচার সহ্য করতে না পেরে জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন একাধিক কৃষক পরিবারের। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। নদিয়া চাপড়া থানার বৃত্তিহুদা গ্রামের একাধিক পরিবারের দাবি, তারা বেশ কয়েক বছর ধরেই সরকারি জমিতে চাষ করে
কোনো রকমে নিজেদের সংসার চালান, কিন্তু দীর্ঘদিন ধরে ওই এলাকার কিছু দুষ্কৃতী ওই জমি নিজেদের বলে দাবি করে বলপূর্বক কেড়ে নিতে চাইছে। কৃষকরা দিতে অস্বীকার করায় তাদের জমির ফসল একাধিকবার নষ্ট করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাপরা থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের কোনো কথা শুনছে না, উপরন্ত ওই এলাকার দুষ্কৃতীরা যেভাবে পুলিশকে বলছে পুলিশ সেভাবেই অভিযোগ দায়ের করে মিথ্যা মামলায় তাদের জড়িয়ে দিচ্ছে। এর আগেও এই একই দাবিতে তারা জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু পুলিশ এবং ওই এলাকার দুষ্কৃতীদের অত্যাচারের সীমা এতটাই অতিক্রান্ত হয়েছে তারা সহ্য করতে না পেরে এদিন আবারো জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, জেলাশাসক অবিলম্বে বিষয়টিতে নজর দিক, যাতে তারা পুলিশের অত্যাচার এবং দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায় এবং তাদের জমিতে সুস্থভাবে তারা চাষাবাদ করতে পারে।

