Border security, BJP, সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের কাজ শুরু, গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ মে: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বর্ণবেড়িয়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষার স্বার্থে কাঁটাতার দেওয়ার জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের প্রাথমিক সমস্যার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বিধায়ক। তাঁর উপস্থিতিতে সরকারি আধিকারিক, বিএসএফ কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের সঙ্গে বৈঠকের পর শুরু হয় জমির মাপজোপে কাজ।

এদিন সীমান্ত সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়টি নিয়ে আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কাঁটাতার না থাকায় চোরাকারবার, গরু পাচার ও অনুপ্রবেশের মতো সমস্যা বেড়ে উঠেছিল বলে অভিযোগ স্থানীয়দের।

বিধায়ক স্বপন মজুমদার বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল সরকারের গাফলতির কারণে দেশ ও পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। সীমান্ত এলাকায় চোরাকারবার, গরু পাচার ও অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েছিল। এবার কাঁটাতারের কাজ শুরু হওয়ায় সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”

স্থানীয় বাসিন্দা অনয় অধিকারী জানান, “কাঁটাতার না থাকায় বাংলাদেশের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ভারতে ঢুকে গরু-ছাগল চুরি করার পাশাপাশি বাড়িতে ঢুকে চুরির ঘটনাও ঘটিয়েছে। এবার কাঁটাতার তৈরি হলে সীমান্ত এলাকার মানুষ অনেক বেশি নিরাপদ বোধ করবেন।”

সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বহুদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন সীমান্তবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *