আমাদের ভারত, ২৯ মে: মহিলা সুরক্ষায় একগুচ্ছ পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার। এই মর্মে যোগী সরকার বেশকিছু নির্দেশিকা জারি করেছে। সরকারি হোক বা বেসরকারি রাজ্যের মহিলা কর্মীদের সুরক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতেই সরকার নতুন নির্দেশিকা জারি করেছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ডিউটি করতে কোনো মহিলাকে জোর জবরদস্তি করতে পারা যাবে না। কোনো ক্ষেত্রে যদি সেটা প্রয়োজন হয় তাহলে সংস্থাকে সংশ্লিষ্ট মহিলা কর্মীর লিখিত সম্মতি নিতে হবে। জানা যাচ্ছে সরকারি বা বেসরকারি প্রতিটি সংস্থাকে এই নিয়ম মেনে চলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে যদি কোনো মহিলা সন্ধ্যে সাতটার পরে কাজ করতে অস্বীকার করেন তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। কোনো সংস্থা যদি এই কাজ করে থাকে, তাহলে তার বড়সড় জরিমানা হবে এমনকি জেলেও যেতে হতে পারে।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, মহিলাদের অফিসের যাতায়াতের জন্য ক্যাবের বন্দোবস্ত থাকতে হবে। শুধুমাত্র লিখিত সম্মতির পরেই সন্ধ্যে সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কাজ করানো যাবে মহিলাদের দিয়ে। এছাড়াও মহিলাদের কাজের ক্ষেত্রে অন্যান্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে সংস্থাকে। যেমন অফিসে যদি কোনো মহিলা রাত্রিকালীন শিফটে থাকেন তার জন্য সংস্থাকে মহিলা কর্মীদের খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। মহিলাদের জন্য চেঞ্জরুমের বন্দোবস্ত থাকতে হবে। সম্মতির ভিত্তিতে কোনো মহিলাকে নাইট শিফট করার কথা বলা যাবে। একটি শিফটে আরও অন্তত চারজন মহিলাকে উপস্থিত থাকতে হবে। অফিসে যাতে কোনো মহিলা সহকর্মীকে হেনস্থা হতে না হয় তা দেখার জন্য প্রতিটি সংস্থার অফিসে একটি করে কমিটি তৈরি করতে হবে।

