১০০ দিনের কাজের পুরুলিয়া জেলায় বকেয়া ৮৫ কোটি টাকা, আন্দোলনে মজুররা

সাথী দাস, পুরুলিয়া, ২৯ মে: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামলেন পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার প্রায় আড়াই হাজার কৃষক-শ্রমিক।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড, ব্যানার পোষ্টার হাতে নিয়ে পুঞ্চা ব্লক এলাকায় প্রায় ৩ কিমি পথ পায়ে হেঁটে মাথায় ধামা নিয়ে মিছিল করেন মহিলা ও পুরুষ শ্রমিকরা। মিছিলে পা মেলান খোদ জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। পাশাপাশি পুঞ্চা কৃষক বাজার মোড়ে পথসভার আয়োজন করেন তারা। বকেয়া মজুরির টাকা না মিললে এই মিছিলের মধ্য দিয়ে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সভাধিপতি।

শ্রমিকদের অভিযোগ, নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত মজুরির টাকা পায়নি শ্রমিকরা। একশো দিনের কাজের একদিনের মজুরি মহিলাদের ক্ষেত্রে ৪৮ সিএফটি ও পুরুষ শ্রমিকদের ৫৪ সিএফটির জন্য ২২৪ টাকা মজুরি পান। জেলার মোট মজুরির বকেয়া রয়েছে ৮৫ কোটি, তার মধ্যে পুঞ্চা ব্লকের বকেয়া ৪ কোটি ২৭ লক্ষ টাকা। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে বার বার বকেয়া টাকা মেটানোর দাবিতে আবেদন জানিয়েও মেলেনি সুরাহা। তাই দীর্ঘদিন ধরেই শ্রমিকদের পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন। বর্তমানে শ্রমিকরা বেকার কর্মহীন হয়ে পড়েছেন। তাই সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন তারা।

এ বিষয়ে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, “কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন জেলার শ্রমিকরা। দীর্ঘ কয়েকমাস ধরে তারা ১০০ দিনের মজুরির টাকা পাননি। পুরুলিয়া জেলাতেই প্রায় ৮৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে শ্রমিকদের। তাদের বকেয়া টাকা মেটানোর দাবিতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল করেন শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *