কল্যাণীতে প্রশাসনের জালে ৫০ লক্ষ টাকার বিদেশি পাখি সহ এক ব্যক্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৯ মে: দুটি বাড়ি থেকে ৫০ লক্ষ টাকার ওপরে নানান বিদেশি পাখি সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করল এসটিএফ। নদিয়ার কল্যাণী থানার ঘটনা।

সূত্রের খবর, কল্যাণী থানা ও বনদপ্তরের রানাঘাট রেঞ্জের আধিকারিকদের যৌথ অভিযানে দুটি বাড়ি থেকে ৫০ লক্ষ টাকার ওপরে নানা বিদেশি পাখি সহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। রবিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নদিয়ার কল্যাণীতে বেশ কয়েকজন ব্যক্তি বিভিন্ন ধরনের বিদেশি পাখির অবৈধভাবে ব্যবসা করছিল। সেই খবর কলকাতা এসটিএফ প্রতিনিধিদের কাছে ছিল। দীর্ঘদিন ধরেই তারা তদন্ত শুরু করে। এদিন হঠাৎ বনদপ্তর এবং কল্যাণী থানার আধিকারিকদের নিয়ে অভিযুক্তদের বাড়ি হানা দেয়। অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে প্রশাসনের প্রতিনিধি দল। পাশাপাশি পরপর দুটি বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার নানান ধরনের বিদেশি পাখি উদ্ধার করে তারা। অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রশাসনের কর্তারা। মূলত তারা পাখিগুলি কোথা থেকে আনতো ও কোথায় পাচার করত এবং এই অবৈধ কারবারের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে ৫০ লক্ষ টাকার এই পাখি উদ্ধার হওয়া এসটিএফ প্রতিনিধিদের বড় সাফল্য বলে মনে করছে প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *