আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: বাড়ির ভেতরে শৌচাগারে কৌটো বোমা ফেটে জখম হলেন এক বৃদ্ধা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নগরথুবা পদ্মারপাড় এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত বৃদ্ধার নাম গীতা মজুমদার।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, নগরথুবা পদ্মারপাড় এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সের গীতা মজুমদার শনিবার রাত ১০ টা নাগাদ শৌচাগারে যান। আর সেখানেই রাখা ছিল কৌটো বোমাটি। সেই সময় আচমকা বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর জখম হন ওই বৃদ্ধা। স্থানীয়রাই তাকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, জখম গীতা মজুমদারের ছেলে প্রবীর মজুমদার ওই কৌটো বোমা বাড়িতে মজুদ করে রেখেছিল। দিনকয়েক আগে হাবড়ার শ্রীনগর এলাকায় তৃণমূল কর্মীর ওপর বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই প্রবীর মজুমদার। ঘটনার পর থেকে সে পলাতক। বাড়িতে প্রবীরের স্ত্রী ও তার মা ছিলেন। শনিবার রাতে হঠাৎই কৌটো বোমা ফেটে গুরুতর জখম হন তার মা গীতা মজুমদার। ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে হাজির হয় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ওই বাড়ির ভেতরে আরও বোমা মজুত আছে কি না, তা জানার জন্য পুলিশ আপাতত ওই বাড়িটিতে তালা ঝুলিয়ে দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় সেভাবে পরিচিত নয় প্রবীর। এলাকার মানুষ জানেন যে, সে গেঞ্জির কাজ করতো।

