সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: ফের চালু হল ভারত বাংলাদেশ বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ ২৬ মাস ট্রেন চলাচল বন্ধ থাকার পর রবিবার সকাল ৯ টা ৪১ মিনিট নাগাদ ভারত থেকে বেনাপোলে পৌঁছালো বন্ধন এক্সপ্রেস। উচ্ছ্বসিত দুই দেশের যাত্রী এবং রেল কর্তৃপক্ষ।

২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা এবং বাংলাদেশের খুলনা স্টেশনের মধ্যে চালু হয়েছিল বন্ধন এক্সপ্রেস। এদিন কলকাতা স্টেশন থেকে সকাল ৭:১০মিনিটে ছেড়ে বনগাঁ, পেট্রাপোল হয়ে বেনাপোলে পৌঁছায় ৯:৪১ মিনিটে। এই ট্রেন চালু হওয়ার আগেই কলকাতা থেকে গেদে, দর্শনা সীমান্ত হয়ে ঢাকা পর্যন্ত চালু হয় মৈত্রী এক্সপ্রেস। সেই ট্রেনের সাফল্য এবং যাত্রীদের চাহিদা মেনে পরবর্তীতে বন্ধন এক্সপ্রেস চালু করা হয়। প্রথমদিকে মৈত্রী এক্সপ্রেসের সংখ্যা কম থাকলেও যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় পরে ট্রেনের সংখ্যাও বাড়িয়ে দেয় রেল কর্তৃপক্ষ। সব ঠিকঠাক চললেও এক সময় বাধা হয়ে দাঁড়াল করোনা। এই অতিমারীর প্রভাবে গোটা পৃথিবী যখন তোলপাড়, তখন যাত্রী নিরাপত্তা এবং দেশের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে আর্ন্তজাতিক রুটের এই দুটি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দুদেশের রেল মন্ত্রক। পুনরায় ভারত-বাংলাদেশের যাত্রীদের জন্য বন্ধন এক্সপ্রেস চালু হওয়ায় খুশি সকলে।

এদিন ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোনো যাত্রীকে বনগাঁ সংলগ্ন কোনো স্টেশনে নামতে দেখা যায়নি। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই ট্রেনটি ৯:৪১ মিনিট নাগাদ বেনাপোলে পৌঁছায়।

