আমাদের ভারত, ২৯ মে: ব্যাপক হারে তাপমাত্রা বেড়েছে, ফলে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। আর এই অবস্থায় কয়লা সংকট চরমে পৌঁছেছে। তাই জরুরি ভিত্তিতে পরিস্থিতির মোকাবিলা করতে চেষ্টা চালানো হয়েছে। কয়লা সঙ্কটের কারণে যে কোনো মুহূর্তে লোডশেডিং হতে পারে দেশজুড়ে। সেই পরিস্থিতি সামাল দিতেই কয়লা আমদানি করছে মোদী সরকার। ২০১৪-য় ক্ষমতায় আসার পর এই প্রথম কয়লা আমদানির সিদ্ধান্ত নিল বিজেপি সরকার।
আমদানিকৃত জ্বালানি সারা দেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সরবরাহ করা হবে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, শনিবার বিদ্যুৎ মন্ত্রকের এই সংক্রান্ত একটি চিঠি সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে কয়লা সঙ্কট নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি করেছে। আর এই অবস্থা সামাল দেওয়ার জন্য বিদ্যুৎ মন্ত্রক একাধিক পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম কয়লা আমদানি করা।
ওই চিঠিতে কয়লা স্টক নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় অধীনে থাকা সমস্ত বিদ্যুৎ সংস্থাকে। এপ্রিলে সারাদেশে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিকে সবচেয়ে বেশি কয়লা সঙ্কটের মুখোমুখি হতে হয়েছে যার ফলে একাধিক রাজ্যে মারাত্মক লোডশেডিং এর সমস্যা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রকের ওই চিঠি অনুযায়ী কোল ইন্ডিয়া গভর্মেন্ট টু গভর্মেন্ট পদ্ধতিতে কয়লা কিনবে ও সমস্ত সরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রও অন্যান্য বিদ্যুৎ উৎপাদনকারীকে সরবরাহ করবে।
আশঙ্কা করা হচ্ছে চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হতে পারে দেশ। সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত খবর অনুযায়ী, বিদ্যুৎ মন্ত্রকের একটি কমিটি এই গোপন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট বলছে, কয়লা ঘাটতির ফলে দেশজুড়ে লোডশেডিং হতে পারে ব্যাপক হারে। এছাড়া সেপ্টেম্বরে চাহিদানুযায়ী কয়লা সরবরাহেও বিরাট ঘাটতি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই ঘাটতি আগের তুলনায় ১৫ শতাংশ বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে, আর তাতে উদ্বেগ বেড়েছে সব মহলে।

