জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ: এলাকার নেশাগ্রস্তদের নেশা ছাড়াতে দুধের গ্লাস হাতে রাস্তায় নামলেন মোহনপুর ব্লকের নীলদা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চালকদের গ্লাস ভর্তি গরম দুধ খাওয়ানোর পাশাপাশি দিলেন মুখসুদ্ধিও। বার্তা দিলেন, আর মদ নয়, এভাবে দুধ খেয়ে এবার নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান।
নেশামুক্ত এলাকা গড়তেই এই পরিকল্পনা বলে জানিয়েছেন নীলদার উদ্যোগী মহিলারা। তারা বলেন, পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন পাত্রের উদ্যোগে স্থানীয় বরাইবাজার এলাকার গাড়ি চালকদের নেশা ছাড়াতে এভাবেই তাদের হাতে দুধের গ্লাস ও মুখসুদ্ধি তুলে দেওয়া হচ্ছে। মহিলারা জানান, দুধ খেলে শরীরের উপকার হয়। মদের নেশা নিজেকে এবং সংসারকে ধ্বংস করে। তামাকের বদলে মুখসুদ্ধি খেলে ক্যান্সারের হাত থেকে বাঁচা যায়।
উপপ্রধান মনোরঞ্জনবাবু জানান, অনেকেই অল্প বয়সে নেশাগ্রস্থ হয়ে মারা যাওয়ায় গৃহবধূরা কম বয়সে স্বামী হারিয়ে দিশেহারা হচ্ছেন। নেশার জন্য রাস্তাঘাটে হামেশাই দুর্ঘটনা ঘটছে। তাই সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে এভাবে পথে নামা নারী শক্তিকে আমরা উৎসাহ দিচ্ছি।

